ফারুক আল শারাহ:
লাকসাম শহর এলাকায় একই পরিবারের ৮জন সহ ১২ করোনা রোগী থাকায় আপাতত দৌলতগঞ্জ বাজারের মার্কেট, শপিংমল ও বিপনি বিতান সমূহ বন্ধ থাকছে। করোনা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হলে এবং নতুন কেউ আক্রান্ত না হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পরবর্তী সিদ্ধান্তক্রমে ঈদ পূর্ব মুহুর্তে কয়েকদিনের জন্য শর্ত সাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি মিলতে পারে। একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।জানা যায়, লাকসাম দৌলতগঞ্জ একটি প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র। এখানে প্রায় সহস্রাধিক কাপড়, গার্মেন্ট, জুতা ও কসমেটিক্স দোকান রয়েছে। পবিত্র রমজান মাসজুড়ে এসব প্রতিষ্ঠানের ব্যবসার ভরা মৌসুম। এসময় ব্যবসায়ী ও কর্মচারীদের চোখে ঘুম থাকেনা। চলতি বছর করোনা পরিস্থিতি ব্যবসায়ীদের স্বপ্ন কেঁড়ে নিয়েছে। সরকারি সিদ্ধান্তে আজ ১০ মে (রবিবার) থেকে দেশের বিভিন্ন স্থানে শর্ত সাপেক্ষে মার্কেট, শপিংমল ও বিপনি বিতান খোলা থাকলেও করোনা ঝুঁকির বিষয়টি বিবেচনায় লাকসাম দৌলতগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান সমূহের সাটার খুলছে না। অন্যান্য সময়ের ব্যস্ততম এ বাজারের দোকান সমূহে এখনো ঝুলছে তালা।
জেলা স্বাস্থ্যবিভাগের তথ্যানুসারে, কুমিল্লা জেলার মধ্যে লাকসাম করোনা ঝুঁকিতে রয়েছে। এখানে একই পরিবারের ৮জন সহ ১৩জন ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১২ জনই শহর এলাকার। ইতোমধ্যে শহরের একজন এবং বাইরের একমাত্র রোগী সুস্থ হয়েছেন। অন্যদের আইসলোশনে রেখে চিকিৎসা চলছে। করোনা ঝুঁকি এড়াতে আপাতত দৌলতগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখা হচ্ছে। তবে করোনা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বাজার ব্যবসায়ী সমিতি ও সংশ্লিষ্ট সমিতির শীর্ষস্থানীয়দের পারস্পরিক সম্মতিক্রমে ঈদের আগে কয়েকদিনের জন্য শর্ত সাপেক্ষে এসব ব্যবসা প্রতিষ্ঠান খোলা হতে পারে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
লাকসাম কাপড় ও গার্মেন্ট মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম বাচ্চু জানান, করোনা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা আপাতত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখছি। ব্যবসায়িক ভরা মৌসুমেও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারায় আমাদের অধিকাংশ ব্যবসায়ী ও কর্মচারী বিপাকে পড়েছেন। অনেকে ঋণগ্রস্ত। এ ক্ষতি পুষিয়ে আনতে ব্যবসায়ীদের চরম হিমশিম খেতে হবে। মানবিক দিক বিবেচনায় শেষ মুহুর্তে কয়েকদিন খোলা রাখার সুযোগ দেয়া হলে ব্যবসায়ীরা কিছুটা হলেও উপকৃত হবেন।
তিনি জানান, করোনা পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে আনতে সরকার প্রণোদনা ঘোষণা করেছে। আমরা এখনো প্রণোদনা সম্পর্কে কিছুই জানিনা। প্রণোদনার সুফল পেতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। লাকসাম দৌলতগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাবারক উল্লাহ কায়েস জানান, করোনাভাইরাস প্রাণঘাতী রোগ। এতে বিশ্বব্যাপী অনেক মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছে। ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত দৌলতগঞ্জ বাজারের মার্কেট, শপিংমল ও বিপনি বিতান সমূহ বন্ধ থাকবে। বৃহৎ জনগোষ্ঠীকে করোনা সংক্রমণ থেকে রক্ষা রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হলে সকলের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।