সেলিম চৌধুরী হিরা: কুমিল্লার লাকসামে ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের খুন্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন সকালে লালমাই উপজেলার সমেশপুর গ্রামের মনু মিয়ার ছেলে রনি (১৩) খালার বাড়িতে দাওয়াত খেয়ে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি যাওয়ার পথে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের খুন্তা নামক স্থানে বেপরোয়াগতিতে আসা ট্রাক (ফেনী-শ ১১-০২৫৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়। নিহত রনি হরিশ্চর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্র। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়রা তাৎক্ষনিক সড়ক অবরোধ করে চালকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।