প্রদীপ মজুমদার: কুমিল্লার লালমাই উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী সুমি আক্তারকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার ছিলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী রায়হানুল ইসলাম রাজুকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১৪ সালে লালমাই উপজেলার ছিলোনিয়া গ্রামের সৌদি প্রবাসী আলী উল্যাহ ছেলে রায়হানুল ইসলাম রাজু ভালোবেসে একই উপজেলার উজালিয়া গ্রামের সফিউল্লাহর মেয়ে সুমিকে বিয়ে করে। ওই দম্পতির মুনতাহার ইসলাম ইরা নামে ৩ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। গতকাল সোমবার স্বামীর বাড়িতে সুমির ফাঁস দেয়া লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরকীয়া সন্দেহে স্বামী ও স্ত্রী মধ্যে কলহের জের ধরে এঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।
রায়হানুল ইসলাম রাজুর পরিবার এটিকে আত্মহত্যা বললেও সুমির পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ফাঁস দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় সুমির ভাই সোহেল রানা রায়হানুল ইসলাম রাজুকে আসামি করে লালমাই থানায় আত্মহত্যার প্ররোচনায় একটি হত্যা মামলা করেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইউব জানান, মঙ্গলবার ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। সুমির স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।