আমেরিকা সিরিয়া থেকে তেল চুরি করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। চুরি করা সেই তেল বিভিন্ন দেশের কাছে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আর তেল চুরিতে সহযোগিতা করছে মার্কিন সেনারাই। তাদের তত্ত্বাবধানেই সিরিয়ার তেল পরিশোধনের নামে অন্য দেশে যাচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কোনাশেংকভ শনিবার এ তথ্য জানান।
কৃত্রিম উপগ্রহ চিত্রের বরাত দিয়ে তিনি বলেন, সিরিয়া থেকে তেল উত্তোলন করে তা প্রক্রিয়াজাতকরণের জন্য দেশটির বাইরে পাঠাচ্ছে আমেরিকা। এ কাজে মার্কিন সেনারা চোরাকারবারীদের সুরক্ষা দিচ্ছে।
মস্কোর অভিযোগ, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের পতনের আগে থেকে তেল সরাচ্ছে আমেরিকা এবং এ কাজ এখনও অব্যাহত আছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, তেল চোরাচালানে মার্কিন বেসরকারি সামরিক কোম্পানি ও স্পেশাল অপারেশন্স ফোর্স তেলের বহরকে সুরক্ষা দেয়।
তিনি বলেন, সিরিয়ার পূর্বাঞ্চল থেকে তেল চোরাচালানে জড়িত মার্কিন সেনারা তেলবাহী ট্রাকগুলোকে পাহারা দিয়ে নিয়ে যায় এবং ওই বহরে কোনো হামলা হলে মার্কিন সেনারা তা প্রতিহত করে।