শাহ নুরুল আলম: কুমিল্লার লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। সকালে কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, কেক কাটা ও গাছের চারা রোপনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কলেজ শিক্ষক পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর বাবুল চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর (মেজর) মিতা সফিনাজ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক মোঃ আক্তার হোসেন খাঁনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ ইয়াছির আরাফাতসহ ওই কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নিজাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাবুল চন্দ্র শীল বলেন, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মহান নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশটি স্বাধীন করাতে আমরা সকলে একটি চেয়ার পেয়েছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কর্মময় জীবন আমাদেরকে অনুপ্রাণিত করবে ও সাহস জোগাবে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।