স্টাফ রিপোর্টার: দেশব্যাপী করোনো ভাইরাসের কারণে মানুষের জীবনযাত্রা থমকে গেছে। এমন পরিস্থিতিতে সরকারের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল এমপির নির্দেশে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে লাকসাম পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবদুল আলিম দিদার পৌরশহরের পশ্চিমগাঁও ও বাতাখালী এলাকার সবকয়টি মহল্লায় বিনামূল্যে এই খাদ্যসামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন।
কাউন্সিলর আবদুল আলিম দিদার চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি বিদেশফেরতদের বাধ্যগতভাবে হোম কোয়ারেন্টাইনে রাখতে বাসায় বাসায় গিয়ে উদ্বুদ্ধ করেছেন। নিরাপদ দূরত্বে নাগরিকদের চলাচলের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে কার্যকর উদ্যোগ নিয়েছেন। তিনি প্রতিদিন এলাকার বিভিন্ন স্থানে মানুষের খোঁজ খবর রাখছেন। তার এমন উদ্যোগ ব্যাপক সাড়া জাগিয়েছে।
কাউন্সিলর আবদুল আলিম দিদার বলেন- মাননীয় এলজিআরডি মন্ত্রী,পৌরসভা এবং আমার এলাকার বিত্তবান ও আমার ব্যক্তিগত অনুদানসহ আমি ফান্ড গঠন করেছি। এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজকর্মী, মসজিদের ইমাম, শিক্ষক এককথায় সকল শ্রেণী-পেশার মানুষের মতামতের ভিত্তিতে আমি প্রতিটি ঘরে ঘরে গিয়ে গরীব অসহায় ও নিম্ন-আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।
তিনি বলেন- আমার এলাকায় ত্রাণের পাশাপাশি চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেছি। খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৩ দিনের মধ্যে ১১শ’ পরিবারের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। চলমান প্রেক্ষাপটে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তিনি বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানান।