মাসুদুল আলম: কুমিল্লার লাকসামে পূর্ব বিরোধের জের ধরে বসতঘরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে লাকসাম পূর্ব ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর গ্রামের মৃত আব্দুল বারিকের মেয়ে মনিরা বেগম (৩২) এর স্বামী প্রবাসে থাকায় তিনি তার সন্তান নিয়ে নিজ পিত্রালয়ে বসবাস করে আসছেন। এ সুবাধে মধ্য চাঁদপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে শাহজাহান মিয়া তাকে বিভিন্ন ভাবে উত্যক্ত করা সহ তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছে। মঙ্গলবার সকালে পাশ্ববর্তী শাকেরা বাজারের একটি দোকানে কেনাকাটা অবস্থায় মনিরা বেগমের গায়ের উপর মোটর সাইকেল তুলে দেয়ার চেষ্টা করে শাহজাহান মিয়া। এসময় মনিরা বেগম প্রতিবাদ করায় জনসম্মুখে তাকে গালমন্দ করে শাহজাহান মিয়া। এর কিছুক্ষণ পরে শাহজাহান, তার স্ত্রী হাসিনা বেগম, ছেলে আরিফ হোসেন, প্রতিবেশী মৃত আব্দুল খালেকের ছেলে গণি মিয়া, মৃত মনু মিয়ার ছেলে মাইন উদ্দিন ও জয়নাল আবেদীনকে সঙ্গে নিয়ে মনিরা বেগমের পিত্রালয়ে হামলা করে বাড়ির গেইট ও বেড়া ভাঙচুর করে। এসময় বাড়ির লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে তারা সবাইকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে মনিরা বেগমের চাচাতো ভাই আব্দুল কুদ্দুছের ছেলে ৯ বছর বয়সী সাইমন গুরুতর আহত হয়। শাহাজাহানের স্ত্রী হাসিনা বেগমের আঘাতে সাইমনের মাথা ফেটে ব্যাপক রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় মনিরা বেগম বাদি হয়ে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহাজাহান পাল্টা অভিযোগ করে বলেন, তিনি বাজারের যাওয়ার পথিমধ্যে মনিরা বেগম ও তার ভাইয়েরা পরিকল্পিত ভাবে তার উপর হামলা করেন। খবর পেয়ে তার স্ত্রী, সন্তান ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। শিশু সাইমনের মাথায় আঘাতের অভিযোগটিও অস্বীকার করেছেন শাহজাহানের স্ত্রী হাসিনা বেগম।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিৎ করে লাকসাম থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’