স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতিতে মানবিক সেবায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লাকসামের কৃতি সন্তান ডা. রাজীব কুমার সাহা। তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ রুটিনমাফিক ডিউটির পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ‘স্বাস্থ্যসেবা সেল টেলি-হেলথ সার্ভিস’-এ রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দিয়ে আসছেন। পাশাপাশি লাকসাম-মনোহরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে কোন রোগী তাকে ফোন দিলে তাতেও সাড়া দিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। অতীতের যে কোন সময়ের চেয়েও বর্তমানে তিনি আরো মানবিকতা নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর এমন মানবিকতা সর্বমহলেই ব্যাপক প্রশংসিত হচ্ছে।
দেশের চলমান করোনা পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক যখন চেম্বার বন্ধ করে দিয়েছেন সেইসময় মানবিকতায় অনন্য দৃষ্টান্ত রেখে চলেছেন লাকসাম-মনোহরগঞ্জ পেশাজবীবী পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাজীব কুমার সাহা। করোনা ঝুঁকির মধ্যেও তিনি প্রতিদিন যথাসময়ে হাসপাতালে ছুটে গিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কোন রোগী সহযোগিতা চাইলেই মুহুর্তেই তিনি কার্যকর পদক্ষেপ নিচ্ছেন।
কর্মস্থলে তিনি খুব ব্যস্ত সময় কাটালেও লাকসাম-মনোহরগঞ্জের মানুষের যে কোন সমস্যায় সজাগ দৃষ্টি রাখছেন। তিনি এখানকার রোগীদের মোবাইল এবং মেসেঞ্জারে টেলিসেবা দিয়ে যাচ্ছেন। এ অঞ্চলের কেউ সন্দেহজনকভাবে করোনা পরীক্ষা করাতে চাইলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতালে) প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলেও ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন।
ডা. রাজীব কুমার সাহা বলেন, মহান মুক্তিযুদ্ধে অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আমাদের আসল ঠিকানা। এ দেশের প্রতিটি মানুষই আমাদের সম্পদ। তাই কাউকে অবহেলার সুযোগ নেই।প্রতিটি মানুষের জীবনের গুরুত্ব অপরিসীম।
করোনা শুধু আজ বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী আতংক সৃষ্টি করেছে। চলমান দুঃসময়ে রোগীদের মানবিক সেবা দিয়ে সুস্থ করতে পারলেই নিজের জীবন স্বার্থক মনে করবো। প্রতিটি মানুষের জীবন মুল্যবান। চোখের সামনে একটি মুমুর্ষ মানুষেরও যেন মৃত্যু না হয়-তাই প্রত্যাশা করি।
তিনি বলেন, যে কোন দূর্যোগে এ দেশের চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে এগিয়ে এসেছে। কিন্তু করোনা রোগটি এতই ছোঁয়াছে যে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও ছাড়ছে না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিতে গিয়ে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। এতঝুঁকিরও মধ্যে দেশ ও মানবতার টানে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। তিনি সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।
ডা. রাজীব কুমার সাহা লাকসাম-মনোহরগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা মনোবল না হারিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। এ মুহুর্তে বাসা-বাড়িতে থাকার বিকল্প কিছু নেই। একান্তই জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হবেন না। বের হলেও সর্বোচ্চ সতর্কতা মেনে চলুন। আপনার পরিবার ও দেশের স্বার্থে নিয়ম-নীতি মেনে চলুন, সুস্থ থাকুন। চিকিৎসা সংক্রান্ত যে কোন বিষয়ে আমার সাথে পরামর্শ করুন। আমি আছি সর্বদা আপনাদের সেবায়। সৃষ্টিকর্তা আপনাদের সকলের মঙ্গল করুক।