ফারুক আল শারাহ: কুমিল্লার লাকসামে ‘কৃষি যান্ত্রিকীকরণ ও যৌথ খামার ব্যাবস্থাপনা’ প্রকল্পে কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে কর্মসূচির উদ্বোধন করা হয়। চলমান করোনা পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব বজায় রেখে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কুমিল্লা বার্ডের যুগ্ম পরিচালক (প্রকল্প) আবদুল্লাহ আল মামুন, সহকারি পরিচালক আনাস আল ইসলাম, উপ-পরিচালক (উপ-প্রকল্প) আবদুল্লাহ আল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন, শিল্পকলা একোডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক প্রমূখ।

জানা যায়, কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করার লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বার্ড) কর্তৃক গৃহীত ‘কৃষি যান্ত্রিকীকরণ ও যৌথ খামার ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর বার্ড, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, লাকসাম এবং নোয়াপাড়া-ছনগাঁও যৌথ কৃষি খামার কমিউনিটি এন্টারপ্রাইজের মধ্যে প্রকল্প বাস্তবায়নে একটি ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় নির্বাচিত ৪০ একর কৃষিজমির ১৪১টি প্লটের আইল উঠিয়ে একত্র করে বোরো মৌসুমে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন করা হয়। প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
কৃষকদের কৃষি যন্ত্রপাতি ব্যবহারে আগ্রহী করে তুলতে এবং তাদের সরেজমিনে ফলাফল দেখানোর জন্য আরডিএ গবেষণার অংশ হিসেবে ট্রাক্টর, ধানের চারা উৎপাদনের যন্ত্র, বীজ রোপন ও চারা তৈরি, মেশিন দিয়ে ধানের চারা লাগানো এবং কম্বাইন হারভেষ্টার দিয়ে মেশিন দিয়ে ধান কাটা-মাড়াই ও ঝাড়াইয়ের কাজ করা হয়। যৌথ খামারের জমির মালিকরা কমিউনিটি এন্টারপ্রাইজ ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজ পরিচালনা করে এবং প্রকল্প বাস্তবায়নে লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরীক্ষামূলক এ প্রকল্পটি সফল হলে কৃষিক্ষেত্রে একটি মডেল হিসেবে সারাদেশে কৃষকদের দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক মুক্তি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।