ফারুক আল শারাহ: কুমিল্লার মনোহরগঞ্জে নতুন দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের একজনের বাড়ি উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল ও অন্যজনের বাড়ি মৈশাতুয়া ইউনিয়নের মৈশাতুয়া গ্রামে। এ নিয়ে মনোহরগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে। মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল (রোবববার) আক্রান্ত দুইজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে তাদের রিপোর্ট পজেটিভ আসে। সাইকচাইলের আক্রান্ত যুবকের বয়স ৩২ বছর। তিনি নারায়নগঞ্জ ফেরত। অপর আক্রান্ত মৈশাতুয়ার বৃদ্ধের বয়স ৬২ বছর। তিনি একই গ্রামের ইতোপূর্বে আক্রান্তের সাথে ঢাকায় ডিমের আড়তে চাকুরি করতেন। দুইজন একইসঙ্গে ঢাকা থেকে বাড়িতে আসেন। নতুন আক্রান্ত ব্যক্তিটি তথ্য গোপন করেন বলে জানা গেছে। তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। মনোহরগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সর্বমোট সংখ্যা ৩ জনে দাঁড়ালো।
কুমিল্লা জেলার একমাত্র করোনা সংক্রমণ বিশেষজ্ঞ ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, নতুন দুইজন সহ মনোহরগঞ্জে এ পর্যন্ত ৩ জন আক্রান্ত হয়েছে। তিনি একান্ত প্রয়োজন ছাড়া কাউকে বাসা-বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেন। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার বিকল্প নেই বলেও তিনি জানান।