ফারুক আল শারাহ:
কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ল্যাব টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি স্থানীয় স্বাস্থ্যবিভাগ কর্তৃক গঠিত ‘করোনা র্যাপিড রেসপন্স টিম’ এর সদস্য। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লাকসামে এ পর্যন্ত একই পরিবারের ৮জন সহ সর্বমোট ১১জন করোনায় আক্রান্ত হওয়ায় জনমনে উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে।
জানা যায়, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ল্যাব টেকনোলজিস্ট দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন । দেশে করোনার প্রভাব শুরু হওয়ার পরপরই স্থানীয় স্বাস্থ্যবিভাগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠন করেন ‘করোনা র্যাপিড রেসপন্স টিম’। করোনা রোগীদের চিকিৎসা ও নমুনা সংগ্রহে টিমের তৎপরতা ছিল সাড়া জাগানো। করোনা উপসর্গ আছে এমন প্রায় শ’খানেক ব্যক্তির মধ্যে বেশিরভাগ নমুনাই সংগ্রহ করেন টিমের অন্যতম সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ল্যাব) হিসেবে কর্মরত ওই ল্যাব টেকনোলজিস্ট। টিমের কয়েকজন সদস্যের ইতোপূর্বে নমুনা সংগ্রহ করে পাঠানো হলেও সকলের রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয় দফায় ওই ল্যাব টেকনোলজিস্ট এর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে আজ রবিবার তার রিপোর্ট পজেটিভ আসে। এতে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। লাকসামে এ পর্যন্ত একই পরিবারের ৮জন সহ সর্বমোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে স্থাণীয়দের মধ্যে উদ্বেগ-আতঙ্ক বেড়েই চলেছে।
করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্য ডা. আবদুল মতিন জানান, আমাদের র্যাপিড রেসপন্স টিমের একজন সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় পুনরায় সকলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী এক ল্যাব টেকনোলজিস্ট এর করোনা রিপোর্ট পজেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে অবস্থানের পরামর্শ দেন।