জানা যায়, লাকসাম করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা সোমবার (১৯ মে) নতুন আক্রান্ত দুইজনের নমুনা সংগ্রহ করেন। আজ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত রিপোর্টে দুইজনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার (আয়ুবের্দিক) ও করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য। তার বয়স ৩৬ বছর। এ চিকিৎসকের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি। দেশে করোনার প্রভাব শুরুর হওয়ার পর থেকে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে দিন-রাত কাজ করে আসছেন। নমুনা সংগ্রহের জন্য উপজেলার বিভিন্ন স্থানে যাওয়ার পাশাপাশি যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের বিস্তারিত তথ্য তিনি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতেন। নমুনা সংগ্রহ করতে গিয়ে তিনি আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার শুকনো কাশি রয়েছে। তাকে আইসলোশানে নিয়ে চিকিৎসা শুরু হয়েছে। শহরের পুরাতন বাজার এলাকায় তার বাসা লকডাউন করা হয়েছে।
করোনা আক্রান্ত অন্যজনের বাড়ি পৌরশহরের ছোয়াছয়আনি। তার বয়স ২৫ বছর। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এমবিএ পরীক্ষার্থী। তিনি রাজঘাট এলাকায় আক্রান্ত ব্যবসায়ীর জামাতা। ইতিমধ্যে ওই পরিবারের ছয়জনই আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শ থেকে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা আক্রান্তের পরপরই তার বাড়ি লকডাউন করে হোম আইসলোশনে রেখে চিকিৎসা শুরু হয়েছে।
লাকসাম করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মেহেদী হাসান জিতু জানান, আজ আমাদের একজন হেলথ আইকন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরিস্থিতির শুরু থেকেই তিনি অত্যন্ত ধৈর্য্য, সাহসিকতা ও আন্তরিকতার সাথে কাজ করে আসছেন। ইতোমধ্যে তিনি সহ র্যাপিড রেসপন্স টিমের দুইজন সদস্য করোনা আক্রান্ত হয়েছে। লাকসামে নতুন দুইজন সহ এ পর্যন্ত সর্বমোট ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ নতুন তিনজনসহ ১১ জন সুস্থ হয়ে ওঠেছেন। করোনায় আক্রান্তদের র্যাপিড রেসপন্স টিম নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিয়ে আসছে। কারও স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, করোনা থেকে রক্ষা পেতে সাবধানতার বিকল্প নেই। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন। কারো শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক র্যাপিড রেসপন্স টিমকে অবহিত করতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।