ফারুক আল শারাহ:
কুমিল্লার মনোহরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে প্রথম একজন ব্যক্তি মারা গেছেন। ওই ব্যক্তির নাম মফিজুল ইসলাম। তার বাড়ি উপজেলার ভোগই গ্রামে। আজ মঙ্গলবার (২৬ মে) তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতায় মরদেহ দাফন করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মফিজুল ইসলাম (৬৫) চট্টগ্রাম আমিন জুটমিলে চাকুরি করতেন। তিনি ঈদের আগেরদিন রবিবার (২৪ মে) চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন। তার শরীরে জ্বর, কাশি থাকলেও একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দেয়। পরদিন সোমবার (২৫ মে) রাত ১১টার পর তার শারীরীক অবস্থা অবনতির দিকে ধাবিত হতে থাকে। তাৎক্ষনিক তাকে নাথেরপেটুয়ার একটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হলেও সেখানে চিকিৎসা না দেয়ায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসা শেষে নমুনা সংগ্রহ করেন। ওই বৃদ্ধের ক্রমাগত শ্বাসকষ্ট বাড়তে থাকায় গভীর রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১০টায় মফিজুল ইসলাম মারা যান। হাসপাতাল থেকে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আজ বিকাল ৫:২০ ঘটিকায় বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতায় দাফন করেন।
নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন ওই বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রামবাসীকে সর্বোচ্চ সতর্কতায় চলাফেরা করতে অনুরোধ করেছি। মারা যাওয়া ব্যক্তির পরিবারের লোকজন বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না। তাদের যে কোন সমস্যায় আমরা পাশে আছি।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির স্বজনদের সাথে আমি বহুবার কথা বলে যাবতীয় পরামর্শ দিয়েছি। রাত ৪টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি নিশ্চিতের পর ফজরের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তির সুস্থতার জন্য দোয়া করেছি। আজ মঙ্গলবার সকালে তার মৃত্যুর সংবাদে খুবই ব্যথিত হই। ওই বৃদ্ধের রিপোর্ট আসলে করোনা পজিটিভ ছিল কিনা জানা যাবে। পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।