শামীমুর রহমান:
সামান্য বৃষ্টিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হেসাখাল থেকে লাকসামের চরবাড়িয়া সড়কে হাটু পরিমাণ পানি জমে চরম দূর্ভোগের সৃষ্টি করেছে। সড়কটি নির্মাণের মাত্র ৩ মাস না যেতেই এমন দুরাবস্থায় এলাকাবাসী ক্ষুব্ধতা প্রকাশ করেছেন।
জানা যায়, নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার থেকে লাকসাম যাওয়ার একমাত্র সড়ক চরবাড়িয়া চৌরাস্তা নামক সড়কটি যেন মরনফাঁদে পরিণত হয়েছে। এ সড়ক দিয়ে উপজেলার হেসাখাল ইউনিয়নে শত শত মানুষ পাশ্ববর্তী উপজেলা লাকসাম যাতায়াত করে থাকেন। ফলে মানুষকে এক অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। জমে থাকা পানিতে আটকে নষ্ট হচ্ছে যানবাহন। যার কারনে মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুনি হেসাখাল রোড থেকে চড়বাড়িয়া চৌরাস্তা পর্যন্ত বড় বড় গর্ত, খানাখন্দে একাকার হয়ে পড়েছে। রাস্তার পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারনে পানি জমে থাকে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সরকার বিভাগের এই প্রকল্পটিতে রাস্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাপক অনিয়ম করেছে। শুরুতে রাস্তাটিতে নিম্নমানের ইটের সুঁড়কি ব্যবহার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ বিষয়ে স্থাণীয় ইউপি সদস্য ইউনূছ ফরহাদ বলেন, যখন রাস্তার কাজ চলছিল তখন আমি উপজেলায় এলজিইডি অফিসে জানিয়েও কোন সুরাহ পাইনি।
হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহাম্মদ বলেন, দেখা যাচ্ছে রাস্তাটিতে নিম্নমানের কাজ হয়েছে। পুনরায় রাস্তা মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।