ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা অর্ধলাখ ছুঁইছুঁই। সোমবার পর্যন্ত এ সংখ্যা ৪৯ হাজার ৫৩৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩৮১ জন, মারা গেছেন ২২ জন।
সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন করেন।
নতুন করে যারা মারা গেছেন তাদের ১৯ জন পুরুষ, তিনজন নারী। ১১ জন ঢাকা বিভাগের, আটজন চট্টগ্রাম বিভাগের, দুইজন সিলেট বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। এদের মধ্যে হাসপাতালে ১৫ জন, বাসায় ছয়জন এবং হাসপাতালে আনার পর একজন মারা গেছেন। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের একজন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব চারজন, ষাটোর্ধ্ব সাতজন এবং সত্তরোর্ধ্ব দুজন রয়েছেন।
সোমবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তে হার ২০ দশমিক ৮১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত বিবেচনার সুস্থতার হার ২১ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।
তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।