বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ (২১) হত্যার ঘটনায় শিক্ষার্থীরা হলে পুলিশ সদস্যদের বের করে তালা লাগিয়ে দিয়েছে। একই সময় প্রভোস্টের রুমে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।
অন্যদিকে এই ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে চারজন বুয়েট শাখা ছাত্রলীগ নেতা বলে জানা গেছে। এই হত্যাকাণ্ডে মোট ১৪ জনকে সন্দেহ করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই বাংলা হলে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আবরার ফাহাদ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তবে তিনি ছয়জনের নাম সুনির্দিষ্ট করে বলেননি।