
গ্রেফতারের পরেই জানা গিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট হার্টের রোগী। তার ‘ওপেন হার্ট সার্জারিও’ হয়েছে। এর জন্য তিনি চিকিৎসা করাতে সিঙ্গাপুর যেতেন। এমন তথ্য দিয়েছিলেন সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী ও তার বোন।
গ্রেফতার হওয়ার দুদিনের মাথায় তার সেই রোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। বুকে ব্যথা অনুভব করায় আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এরপর ঢামেক চিকিৎসকদের পরামর্শে সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল সাড়ে ৭টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সর্বপ্রধান কারারক্ষী মুজাহিদুল ইসলাম সম্রাটকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন।
এদিকে সোমবার (৭ অক্টোবর) রাতে তাকে রমনা থানা পুলিশ অস্ত্র ও মাদক আইন মামলায় তাকে গ্রেফতার দেখানো-পূর্বক ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা আসামি সম্রাটের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর আবেদন ও রিমান্ড শুনানির জন্য বুধবার (৯ অক্টোবর) দিন ধার্য করেন।
এছাড়া রমনা থানায় দায়ের করা মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি ও সম্রাটের সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত তার উপস্থিতিতে তার গ্রেফতার দেখানোর আবেদন ও রিমান্ড শুনানির জন্য একই দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, সরকারের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকায় রোববার ( ৬ অক্টোবর) ভোর ৫ টার দিকে কুমিল্লায় এক আত্নীয়ের বাড়ি থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়।