সব ধরণের ক্রিকেট থেকে আগামী ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিব আল হাসনকে। মঙ্গলবার আইসিসি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।
দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি এক বছর স্থগিত নিষেধাজ্ঞা অর্থাৎ খেলতে পারবেন কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি হবে আরো কঠিন।অর্থাৎ ঠিক একবছর পর ২০২০ সালের ২৯ অক্টোবর তিনি ফের মাঠে ফিরতে পারবেন। তবে সাজার দ্বিতীয় বছরে খেলতে পারলেও বেশ কিছু শর্তের মধ্যে থাকতে হতে পারে সাকিবকে।
আইসিসি বলেছে, সাকিব আল হাসান যেহেতু তদন্ত কাজে সহযোগীতা করেছেন এবং তিনি তার দোষ স্বীকার করেছেন তাই এক বছর সাজা শিথিল করা হয়েছে।
সাকিবের এই নিষেধাজ্ঞার প্রভাব স্বাভাবিকভাবেই পড়ছে পুরো দলে। গুরুত্বপূর্ণ ভারত সফরের আগে দলের অধিনায়ক, সবচেয়ে সেরা তারকার এমন পরিণতি বাংলাদেশ দলের ভেতরেও নাড়া দিয়েছে প্রবলভাবে। এরই মাঝে সাকিবের প্রতি নিজের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে আবেগঘন এক বার্তায় মুশফিক লিখেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট…প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি। তোকে ছাড়া মাঠে খেলতে হবে, ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। আশা করছি তুই চ্যাম্পিয়ন ক্রিকেটারের মতোই ফিরবি। তোর সঙ্গে সবসময় আমার সমর্থন আছে। সারা বাংলাদেশ তোর সঙ্গে আছে। শক্ত থাকবি ইনশাআল্লাহ্।’