ফারুক আল শারাহ:
কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা দ্রতুই বেড়ে যাচ্ছে। শুক্রবার (৮ মে) রাতে জেলায় নতুন করে আরো ১৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ওইদিন দুপুরে ১২ জন আক্রান্তের বিষয়টি জেলা সিভিল সার্জন কার্যালয় নিশ্চিত করে। এ নিয়ে কুমিল্লা জেলায় একদিনে রেকর্ড সংখ্যক ২৮ জন করোনায় আক্রান্ত হলো। জেলার দেবিদ্বারে করোনার হটস্পট হিসেবে পরিণত হচ্ছে। এখানে এখন আক্রান্তের সংখ্যা ৪২ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী কুমিল্লা জেলায় করোনায় সর্বমোট আক্রান্ত দেড়শ’ (১৫০) জন। মৃতের সংখ্যা ৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ জন।
কুমিল্লার লালমাই ও নাঙ্গলকোট উপজেলা করোনামুক্ত থাকলেও শুক্রবার রাতে এ উপজেলায় দুইজন আক্রান্তের খবর পাওয়া গেছে। জেলার একমাত্র নাঙ্গলকোট এখন পর্যন্ত করোনামুক্ত উপজেলা।
উপজেলা ওয়ারী পরিসংখ্যান:
দেবিদ্বারে ৪২ জন, মুরাদনগরে ১৯ জন, লাকসামে ১৩ জন, চান্দিনায় ১১ জন, তিতাসে ১১ জন, বরুড়ায় ১০ জন, কুমিল্লা নগরীতে ৯ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, মনোহরগঞ্জে ৫ জন, সদর দক্ষিণে ৩ জন, আদর্শ সদরে ২ জন, লালমাই ২ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, মেঘনায় ২ জন, হোমনায় ২ জন চৌদ্দগ্রামে ১ জন।
কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, করোনা থেকে রক্ষা পেতে বাসা-বাড়িতে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।