ফারুক আল শারাহ:

অত্যন্ত সতর্কতার সাথে লাশ দাফনের দৃশ্য।
কুমিল্লার নাঙ্গলকোটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোশারফ হোসেন তালুকদার (৪০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার দৌলখাঁড় গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি ওই গ্রামের মৃত আলী আক্কাসের ছেলে। ওই যুবকের করোনা নিশ্চিতে নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে প্রেরণ করা হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সাথে ওই ব্যক্তির লাশ দাফন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মোশারফ হোসেন তালুকদার নামক ওই ব্যক্তি নাঙ্গলকোটের একটি নার্সারীতে কাজ করতো বলে জেনেছি। গত প্রায় ১৫দিন থেকে তিনি জ্বরে ভূগছিলেন। গত ৩/৪দিন থেকে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয়। সেই সাথে কিছুটা গলাব্যাথাও ছিল। স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে তিনি ওষুধ সেবন করছিলেন। আজ মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে তাৎক্ষনিক আইইডিসিআরে পাঠানো হয়েছে। আজ রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। রিপোর্ট পেলে করোনা রোগী ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
স্থাণীয় সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মোশারফ হোসেন তালুকদার গত দুই মাস থেকে নাঙ্গলকোটের বাইরে কোথায়ও যাননি। তিনি এলাকাতেই ছিলেন। এসময় তিনি কোন প্রবাসীর সংস্পর্শে যাননি বলে জানা যায়।
ওই যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সর্বোচ্চ সতর্কতার সাথে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করেন। নাঙ্গলকোট থানার এস.আই ওবায়দুল হক ও এস.আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সার্বিক তদারকিতে লাশ দাফন সম্পন্ন হয়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।